রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে বেকার নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৮ জন সুবিধাভোগী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অন্নদানগর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
মহিলা ইউপি সদস্য জোসনা রানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক বিজয় কুমার রায়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন, পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, ইউপি সদস্য রেজাউল করিম, সমাজসেবক দুঃখেশ্বর মালাকার দুখুসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরের ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (দ্বিতীয় কিস্তি) আওতায় বেকার ও অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে সুবিধাভোগীরা সেলাইয়ের কাজ করে নিজস্ব আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।
সুবিধাভোগীরা বলেন, “নিজেদের কোনো আয়ের উৎস ছিল না। এই সেলাই মেশিন পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের মতো অসচ্ছল নারীদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”