ফরিদপুরের সদরপুর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে এবং জ্ঞানচর্চায় উৎসাহিত করতে অনুষ্ঠিত হয়েছে বইপড়া উৎসব। এ উৎসবকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের দরবার হলে সুজন (সুশাসনের জন্য নাগরিক), সাহিত্য সংগঠন কণ্ঠচয়ন ও রিডার্স সোসাইটির আয়োজনে আমেনা আক্তার মুন্নীর সঞ্চালনায় বইপড়া উৎসব অনুষ্ঠিত হয়।
সদরপুর সুজনের সভাপতি কবির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ মামুনুর রহমান, কথাসাহিত্যিক করিম রেজা বাবু, কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বায়েজীদ খান, কবি সায়ীদ হাসানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির এ যুগে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞানমূলক ও সৃজনশীল বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই মানুষের জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ায় এবং একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বইমুখী করতে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করা হবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা ও চিন্তাশক্তির আরও বিকাশ ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন লেখকের বই উপহার দেওয়া হয়।