নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারি নির্মাণকাজের রেট সিডিউল হালনাগাদকরণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সভাপতি মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাঁর হাতে স্মারকলিপিটি তুলে দেওয়া হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক বলেন, গত কয়েক বছরে দেশের বাজারে রড, সিমেন্ট, ইট, পাথর, বিটুমিন, বালুসহ সব ধরনের মৌলিক নির্মাণসামগ্রীর দাম অনেক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জ্বালানি তেল ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় নির্মাণ ব্যয় বহুগুণ বেড়ে গেছে। সরকারি বিভিন্ন দপ্তর (যেমন: LGED, PWD, RHD, EED ইত্যাদি) বর্তমানে যে রেট সিডিউল অনুযায়ী কাজের প্রাক্কলন ও দরপত্র আহ্বান করছে, তা বর্তমান বাজারদরের তুলনায় অনেক কম। এই পুরোনো ও অবাস্তব রেট দিয়ে কাজ সম্পন্ন করা অসম্ভব। পাশাপাশি নির্মাণকাজের সঙ্গে জড়িত হাজার হাজার ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠান চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আবার অনেকের দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে।
বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের সব সরকারি দপ্তরের রেট সিডিউল অনতিবিলম্বে রিভাইজ বা হালনাগাদ করা না হলে ঠিকাদারদের লোকসানের কারণে নির্মাণকাজ স্থবির হয়ে পড়বে। এতে একদিকে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাধাগ্রস্ত হবে, অন্যদিকে নির্মাণ খাতের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ও সরবরাহকারী কর্মহীন হয়ে পড়বেন, যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে।
দেশের অবকাঠামো উন্নয়নের ধারাকে সচল রাখতে এবং এগিয়ে নিতে নতুন ঠিকাদারদের সুযোগ সৃষ্টি করা জরুরি, যাতে তারাও উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে পারেন। এ ক্ষেত্রে নতুন ঠিকাদারদের জন্য ৫ (পাঁচ) কোটি টাকা পর্যন্ত কাজ বিনাশর্তে লটারির মাধ্যমে দেওয়ার ব্যবস্থা করা অতীব জরুরি।