পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুমিল্লার মেঘনা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আলোকিত পরিবেশ ফাউন্ডেশন। “একটি গাছ, একটি প্রাণ” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি বৃহস্পতিবার মুজাফফর আলী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “পরিবেশ রক্ষা এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কেবল সরকারের উদ্যোগই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু ছায়া বা ফল দেয় না, এটি আমাদের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে জড়িত। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার পরিচর্যা নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন, ডা. এম এ কাইয়ুম, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আলোকিত পরিবেশ ফাউন্ডেশনের কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।