সন্ধ্যা নামলেই বাড়তে থাকে বখাটেদের আড্ডা, আর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয় মাদকের অভয়ারণ্যে—এমন অভিযোগ উঠেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামের সুজন পালের বাড়িকে ঘিরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তেলীগাঁও গ্রামের সুজন পালের বাংলা ঘরে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এলোমেলোভাবে পড়ে রয়েছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর সুজন পালের বাংলা ঘরে তাঁর সহযোগী বিশ্বনাথ পাল বাবলু, ভাগিনা আকাশ পাল, বিদ্যুৎ পাল, রাজন দেসহ মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। তারা সেখানে আড্ডা দেয়, মাদক সেবন করে এবং গ্রামের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের কারণে এলাকায় চুরি-ডাকাতির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও দাবি করেন তারা।
স্থানীয়দের দাবি, দ্রুত গ্রামের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। পাশাপাশি সুজন পাল (৩৩)-এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় তরুণ প্রজন্মসহ শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে বলে তাদের আশঙ্কা।
স্থানীয়রা আরও জানান, এত অভিযোগের পরও সুজন পালের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তারা বলেন, প্রশাসনের জরুরি পদক্ষেপ না নিলে এলাকার যুবসমাজ আরও বিপথে যেতে পারে। পাশাপাশি এলাকায় চুরি-ছিনতাই বেড়েই চলেছে বলেও অভিযোগ করেন তারা। তাই যত দ্রুত সম্ভব সুজন পালের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে সুজন পালের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।