জুলাই অভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল ফজল। তিনি বলেন, জুলাই অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সুশৃঙ্খল ও অর্থবহ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নায়েবে আমীর মুহাম্মদ নুরুল হক, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজাপালং ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আরমান। বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজে ন্যায়, ইনসাফ ও আদর্শিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।
প্রস্তুতি বৈঠকে কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা কবির আহমদ, উখিয়া সদর ওয়ার্ডের সহ-সভাপতি নূর মোহাম্মদ সিকদার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি সোলতান আহমদ, সাইদ আরিফুল এবং যুব বিভাগের সভাপতি নুরুল আবছার।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল, গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হবে এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
রাজাপালং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. জহির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেন ইউনিয়ন আমীর মুহাম্মদ ইউনুস। তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীলতার সঙ্গে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।
বৈঠকে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জুলাই অভ্যুত্থান দিবসের কর্মসূচি সফল করতে বিভিন্ন উপকমিটি গঠন এবং দায়িত্ব বণ্টনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।