রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর এলাকায় গেম খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফরিদ মণ্ডল (৪০) চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। রোববার (২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৩ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার এজাহারভুক্ত আসামি ফরিদ মণ্ডলকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাতে চণ্ডীপুর বাজারে পল্লী চিকিৎসক জহুরুলের দোকানের সামনে একদল যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে লাচ্চু (৪০) গুরুতর আহত হন। তার মাথায় গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকরা তার মাথায় ১২টি সেলাই দেন।
ঘটনার পর আহত লাচ্চুর ছেলে পিয়াস আলী বাদী হয়ে রোববার বাঘা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চণ্ডীপুর গ্রামের আজিদুলের ছেলে রবিন, শাহজাহানের ছেলে আল-আমিন, জমসেদের ছেলে হালিম, ফরিদ মণ্ডলসহ ১০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, চণ্ডীপুর মাঠে গেম খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্তও চলমান রয়েছে।