রাজশাহীতে দুই সাংবাদিককে কুপিয়ে জখম: সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন
নিজস্ব সংবাদ দাতা
/ ১২
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
শেয়ার
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর নৃশংস সন্ত্রাসী হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলার শিকার দুই সংবাদকর্মী হলেন—দৈনিক গণকণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ইব্রাহিম হোসেন সম্রাট এবং ক্যামেরাপারসন আবির।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলা মুক্ত গণমাধ্যম ও সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত সন্ত্রাসী হীরা ও হেলালসহ জড়িত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।
আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করা না হলে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আওয়াল, সহ-সভাপতি মঈন উদ্দিন, রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগনি নীরো, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী প্রমুখ।
এছাড়াও রিভার সিটি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক মানববন্ধনে অংশ নিয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, গত রোববার (২ আগস্ট) রাজশাহীর শাহমখদুম থানা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক ইব্রাহিম হোসেন সম্রাট ও আবির। হামলাকারীরা তাদের কুপিয়ে গুরুতর জখম করলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী হীরা ও হেলালকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।