ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব উখিয়া গড়ে তুলতে নতুন বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার উখিয়া বটতলী–সিকদার বিল সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার আশপাশে বৃক্ষরোপণ করা হবে।