নওগাঁর ধামইরহাট উপজেলায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবনের পর মোছাঃ মিম আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা মোঃ সেকান্দার মণ্ডলের স্ত্রী মোছাঃ মিম আক্তার মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি বিষাক্ত কীটনাশক সেবনের ঘটনা বলে জানা গেলেও কী কারণে তিনি এটি সেবন করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ধামইরহাট থানার পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।