বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) বিকেলে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রয়াত নেতা আব্দুল মান্নান ভাই ছিলেন দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক এবং আমাদের রাজনৈতিক অভিভাবক। বিএনপি ও এ দেশের গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো নীতি ও আদর্শ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
কৈলাইলের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসার আলেম-ওলামাদের পরিচালনায় মাহফিলে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।