হাটহাজারী প্রতিনিধি: ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গুমনমর্দন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (পিএম রহমান) বলেছেন, “৫ আগস্টের বিজয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়েই এ বিজয় অর্জিত হয়েছে।”
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১৭ বছর ধরে দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ধারাবাহিক আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। এ সময় দলটির অসংখ্য নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা, নির্যাতন, কারাবরণ, গুম ও হত্যার শিকার হয়েছেন। তবুও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিএনপি ও এর নেতাকর্মীরা এক মুহূর্তের জন্যও সরে দাঁড়াননি।
তিনি বলেন, “একসময় গুমনমর্দন ইউনিয়নে বিএনপির নাম প্রকাশ্যে উচ্চারণ করাও কঠিন ছিল। সেই সময়েও আমি জাতীয়তাবাদী দলের আদর্শ ও রাজনীতি মানুষের কাছে তুলে ধরেছি। এর কারণে আমাকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘ সময় বাড়িছাড়া থাকতে হয়েছে এবং নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। কিন্তু কোনো বাধাই আমাকে আন্দোলনের পথ থেকে সরাতে পারেনি।”
মাসুদুর রহমান পারভেজ আরও বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরাও রাজপথে নেমে ছাত্র-জনতার পাশে অবস্থান নেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন, “এই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই ৫ আগস্টের বিজয় অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, “জুলাইয়ের ঘটনাবলি ছিল অত্যন্ত বেদনাদায়ক। বহু ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন, অনেকে আহত হয়েছেন এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। সেই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।”
৫ আগস্টের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদকে স্মরণ করেন এবং আহতদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
শেষে তিনি বলেন, “জুলাইয়ের চেতনা আমাদের ধারণ করতে হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে গণতন্ত্র, ন্যায়বিচার, মানুষের ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”