কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক আশিকুর রহমান মাহমুদ।
রোববার (৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর ধারা ৭(১) অনুযায়ী আশিকুর রহমান মাহমুদকে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আশিকুর রহমান মাহমুদের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার মুন্সেফ বাড়িতে। কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হিসেবে তাঁর নিয়োগের বিষয়টি সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরকে অবহিত করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে কুমিল্লা ওয়াসার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ও সংশ্লিষ্ট সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।