ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. ইসমাইল হোসেন (৫৫)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৮-এর ভোলা ক্যাম্প।
শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন লালমোহন উপজেলার বাসিন্দা।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর নং-৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নং-৪৬/০১ রয়েছে। এসব মামলার মধ্যে হত্যা মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল বিশেষ দায়রা জজ, পটুয়াখালী তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।
রায়ের পর থেকেই ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে।