ঢাকার মহাখালীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কেমিক্যাল ল্যাবরেটরি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।
মঙ্গলবার (১১ আগস্ট) তাঁরা মহাখালীস্থ সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ল্যাবরেটরির বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা এবং ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম সম্পর্কে তাঁরা অবহিত হন। পরে ল্যাবরেটরির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
মতবিনিময়কালে অপরাধ তদন্তে আধুনিক ফরেনসিক প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে পরীক্ষার মান ও সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তারা ল্যাবরেটরির চলমান কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা বলেন, অপরাধের ধরন ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তদন্ত কার্যক্রমেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে অপরাধ তদন্তে বৈজ্ঞানিক ও ফরেনসিক তথ্য-প্রমাণের ব্যবহার বাড়ানো গেলে তদন্তের মান আরও কার্যকর হবে।
পরিদর্শনকালে সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন, বিপিএম, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং ভারপ্রাপ্ত চিফ কেমিক্যাল এক্সামিনার নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ল্যাবরেটরির সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেন।
ব্রিফিংয়ে ফরেনসিক রাসায়নিক পরীক্ষার বিভিন্ন পদ্ধতি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং ল্যাবরেটরির সাম্প্রতিক অর্জন সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়।
সিআইডির কেমিক্যাল ল্যাবরেটরি দেশের বিভিন্ন অপরাধের তদন্তে রাসায়নিক ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ সরবরাহ করে থাকে। অপরাধ তদন্তে এসব পরীক্ষার গুরুত্ব বিবেচনায় ল্যাবরেটরির সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান।
পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আধুনিক ফরেনসিক সেবার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন এবং ল্যাবরেটরির কার্যক্রম আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।