• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

এম.এ.এইচ. রাকিবুল ইসলাম:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ত্রিশাল পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকীকে বদলি করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, আরাফাত সিদ্দিকী ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তার বর্তমান পদ থেকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে দায়িত্ব পালন করবেন। তবে প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

তবে গত বুধবার (১২ আগস্ট) ত্রিশালের কালীরবাজার এলাকার একটি বালুঘাটে ইজারাদারের এক কর্মীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ইউএনও আরাফাত সিদ্দিকীকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনাটি নিয়ে দুই পক্ষের ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে আসে। এক পক্ষের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ইউএনওর হাতে বালুঘাটের ইজারাদারের এক কর্মী মারধরের শিকার হন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনার সময় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলতে থাকে।

ঘটনার পরদিন বৃহস্পতিবার ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনওকে না পাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। সেবাপ্রত্যাশী বিভিন্ন ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও অন্যান্য পেশাজীবীরা ইউএনওর কার্যালয়ে এসে তাকে না পেয়ে ফিরে যাওয়ার অভিযোগ করেন। উপজেলা প্রশাসনের অফিস সহকারী আব্দুস সালাম জানিয়েছিলেন, বিকেল ৪টা পর্যন্ত ইউএনও অফিসে আসেননি। তবে তিনি কেন অফিসে আসেননি, তা তার জানা নেই।

পরে একই দিন বিকেলে বালুঘাটের ঘটনাকে কেন্দ্র করে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ঘটনার জন্য ইউএনও আরাফাত সিদ্দিকী দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার বদলির প্রজ্ঞাপন জারি হয়। যদিও বদলির আদেশের সঙ্গে বালুঘাটের ঘটনাটির কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো মন্তব্য করা হয়নি।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম ত্রিশালের ইউএনওকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আরাফাত সিদ্দিকী ২০২৫ সালের ১ ডিসেম্বর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহীতে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ত্রিশালে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি পৌর প্রশাসকের দায়িত্বও পালন করেন। চলতি অর্থবছরের ত্রিশাল পৌরসভার ৩৯ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৭২৯ টাকার প্রস্তাবিত বাজেটও তিনি পৌর প্রশাসক হিসেবে ঘোষণা করেন।

এদিকে নতুন প্রজ্ঞাপনের ফলে আরাফাত সিদ্দিকীর বদলির মধ্য দিয়ে ত্রিশালে তার প্রায় সাড়ে আট মাসের দায়িত্বের অবসান ঘটল। তবে তার বদলির পর ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব কে পালন করবেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন