জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টায় তিনি ৫০ শয্যাবিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসাসেবা কার্যক্রম, রোগীদের সুযোগ-সুবিধা এবং চিকিৎসা সরঞ্জামের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা আগামী তিন বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলো ১৫১ শয্যাবিশিষ্ট করব। আমরা প্রথম পর্যায়ে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নেওয়ার চেষ্টা করব।”
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।