জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, মাদ্রাসা ও ক্লাবের প্রতিনিধিদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ।
এ সময় তিনি বলেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তরুণ ও যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার চর্চা অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “প্রতিটি এলাকায় খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি এবং তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী মুহাঃ হাসিবুল আলম লিটন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মো. সুজাউল করিম এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সুফিয়ান মুক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পৌর জামায়াতের আমির আবুল বাশারসহ স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।