• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। পরে সাংবাদিকদের বৈঠকের আলোচ্য বিষয় জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। নির্বাচনের তফসিল ও তারিখ ইসি নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হবে।

বৈঠকে পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা করবে।

তিনি বলেন, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই পানি শোধনাগার প্রকল্পে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন