কুমিল্লায় ৪৮ ঘণ্টায় ২৬৩ গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি: 
কুমিল্লায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলায় মোট ২৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন এলাকায় একযোগে ৯৮টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ২২ জন মাদক ব্যবসায়ী ও ৭৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মামলায় আরও ১৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে ৪৮ ঘণ্টায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে।
পুলিশের তথ্যমতে, অভিযানে উদ্ধার করা হয়েছে ১৮৫ কেজি গাঁজা, ৩৩৯ পিস ইয়াবা ও ৭২ বোতল ইস্কাফ সিরাপ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও সেবনকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেছেন।