জাতিসংঘে লিগ্যাল অফিসার জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি আইনজীবী জাইমা রহমান। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ের ওয়েবসাইটে তাঁকে লিগ্যাল অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে।
জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখানে তিনি আইনে স্নাতক ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। চলতি বছরের জুনে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের পরীক্ষাতেও তিনি উত্তীর্ণ হন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দপ্তরে বিভিন্ন দেশের ৪০ জন ব্যক্তি ২৯টি দেশের প্রতিনিধিত্ব করে বিভিন্ন নির্বাহী ও পরামর্শক পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে রয়েছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, সৌদি আরব, জার্মানি, কানাডা, জাপান, নরওয়ে, কাতার, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, মরক্কো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সেনেগাল ও হাইতির নাগরিকেরা।
সভাপতির দপ্তরের তথ্য অনুযায়ী, লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমান দপ্তরের আইনসংক্রান্ত বিষয়গুলো দেখভাল করবেন। সভাপতির কার্যালয়ের বিভিন্ন আইনি বিষয়ে পরামর্শ ও প্রয়োজনীয় কার্যক্রমে তাঁর দায়িত্ব থাকবে।
খলিলুর রহমানের দপ্তরের গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্বেও রয়েছেন বাংলাদেশিরা। সেনেগালের নাগরিক জিবরিল দিয়ালু শেফ দ্য ক্যাবিনেট বা দপ্তরপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় তাঁর তিন দশকের বেশি সময় কাজের অভিজ্ঞতা রয়েছে।
বাংলাদেশি কূটনীতিক আবদুল আলিম দপ্তরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মোয়াজ্জেম হোসেন রয়েছেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে। মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাসবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো-বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
৮ সেপ্টেম্বর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
জাইমা রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ আন্তর্জাতিক পর্যায়ে তাঁর আইন পেশার নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও বার-অ্যাট-ল সম্পন্ন করার পর বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আইনি দায়িত্বে যুক্ত হলেন তিনি।