ঢাকা   ০২:২৮:৪৪ পিএম, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 5 Time View

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলী হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক’ দাবি করেছে উপজেলা বিএনপি। এ অভিযোগের প্রতিবাদে সোমবার (১২ অক্টোবর) উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রমিজ উদ্দিন লন্ডনী দাবি করেন, সভা-পরবর্তী আলোচনার সময় আলী হোসেনের সঙ্গে তাঁর সামান্য কথোপকথন হলেও কোনো ধরনের শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি।
গত ৮ অক্টোবর আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলী হোসেনের সঙ্গে কথা-কাটাকাটি হয় বলে নিজের লিখিত বক্তব্যে উল্লেখ করেন রমিজ উদ্দিন লন্ডনী।
ঘটনার পর আলী হোসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দেন। এতে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও লাঞ্ছনার অভিযোগ তোলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করে রমিজ উদ্দিন দাবি করেন, ঘটনাটিকে কেন্দ্র করে একটি মহল তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

এদিকে, গত ১১ অক্টোবর কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যানের স্বাক্ষরিত দলীয় প্যাডে রমিজ উদ্দিন লন্ডনীকে এক সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। একই দিন তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেন উপজেলা বিএনপির সাবেক কয়েকজন কর্মকর্তা এবং আলী হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাঁর কুশপুত্তলিকাও দাহ করা হয়।

‘কোনো শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটেনি’
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে রমিজ উদ্দিন লন্ডনী বলেন, গত ৮ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কয়েকজন ব্যক্তি ইউএনওর কার্যালয়ে অন্য একটি বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন সেখানে প্রবেশ করেন।
রমিজ উদ্দিনের দাবি, সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়া নিয়ে আলী হোসেন ইউএনওর কাছে জানতে চান। এ সময় সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় তাঁর নাম ছিল না বলে ইউএনও তাঁকে জানান। এরপর আলী হোসেন উত্তেজিত হয়ে কথা বলতে থাকলে তিনি তাঁকে শান্ত হওয়ার অনুরোধ করেন। জবাবে আলী হোসেন তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমি তোর কিসের বড় ভাই!’
রমিজ উদ্দিনের ভাষ্য, ওই কথোপকথনের বাইরে আলী হোসেনের সঙ্গে তাঁর আর কোনো কথা বা বাকবিতণ্ডা হয়নি। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগও তিনি নাকচ করেন। তাঁর দাবি, ওই সময় উপস্থিত ওসি পরিস্থিতি সামাল দিয়ে আলী হোসেনকে বুঝিয়ে শান্ত করেন এবং নিজের সঙ্গে করে কক্ষ থেকে বের করে নিয়ে যান।

নিরপেক্ষ তদন্তের আহ্বান
লিখিত বক্তব্যে রমিজ উদ্দিন লন্ডনী ঘটনার সময় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাক্ষাৎকার গ্রহণ করে প্রকৃত ঘটনা যাচাইয়ের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, মেঘনা-হোমনা নির্বাচনী আসনের পক্ষে থাকা একটি মহল তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও ব্যর্থ করার উদ্দেশ্যে এ ঘটনায় ইন্ধন দিচ্ছে। গত ১১ অক্টোবরের মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির দিকে ইঙ্গিত করে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সাবেক সদস্যসচিব এম এম মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শহিদুল ইসলাম ও আনিছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি