https://bindubanglatv.com/
টাইমস নিউজ ডেস্ক:-
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারির পরিবর্তে প্রায় তিন সপ্তাহ এগিয়ে আগামী বছর ৭ জানুয়ারি শুরু হবে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বইমেলার নতুন তারিখ ঘোষণা করেছে বাংলা একাডেমি। তবে কী কারণে মেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
চলতি বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১ ফেব্রুয়ারির পরিবর্তে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বইমেলা।
বাংলা একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের বইমেলা এগিয়ে আনার সিদ্ধান্ত হয় গত ১৩ অক্টোবর। ওই দিন বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে একুশে বইমেলা আয়োজন-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় প্রশাসক ও তাঁদের প্রতিনিধিদের পাশাপাশি প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।