ঢাকা   ০৯:০৪:০৩ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, November 11, 2026,
  • 0 Time View
  • ১৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল, সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে সেই ঐক্যকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে শুধু বক্তব্য নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা জাতীয় ঐক্যের বিষয়টি সমর্থন করেন। বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রীও তাকে ধন্যবাদ জানান।

সংসদে দুই নেতার বক্তব্যে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তৈরি হওয়া ঐক্য ধরে রাখা এবং ভবিষ্যতে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর বিষয়টি গুরুত্ব পায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ বিভিন্ন পক্ষ নিচ্ছে, তা সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে। সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনও ধর্ম, কখনও হরতাল, আবার কখনও অন্য নাম ব্যবহার করা হচ্ছে। এসব কর্মসূচির উদ্দেশ্য দেশে অস্থিরতা সৃষ্টি করা বলে মন্তব্য করেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য ও সম্মিলিত অবস্থান প্রয়োজন বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেওয়া হচ্ছে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় যে ঐক্য গড়ে উঠেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেই ঐক্য প্রয়োজন। পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীকে সমূলে উৎপাটন এবং তাদের যেকোনও ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার স্বার্থে এ ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের মধ্যে যে সম্মিলিত অবস্থান তৈরি হয়েছিল, তা যেন সময়ের সঙ্গে দুর্বল হয়ে না পড়ে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সরকার ও বিরোধী দলের পাশাপাশি সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আমি আশা করবো, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি—এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তিনি মন্ত্রীর বক্তব্যের শেষাংশ থেকে কথা শুরু করতে চাই।

জাতীয় ঐক্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’

বিরোধীদলীয় নেতা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটি দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে ধরে রেখে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। দেশের মানুষকে আবার ফ্যাসিবাদীদের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতে যে পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে যেতে হয়েছে, তার পুনরাবৃত্তি ঠেকানো রাজনৈতিক দলগুলোর অন্যতম দায়িত্ব বলে তার বক্তব্যে উঠে আসে।

তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে বা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু রাজনৈতিক বক্তব্য বা সংসদীয় আলোচনা দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে আলোচনার পর কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দিতে হবে। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, বিভিন্ন বিষয়ে বিতর্কও হবে। কিন্তু দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকানোর প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে দায়িত্বশীল অবস্থান থাকা প্রয়োজন। জনগণ যেন আর অতীতের মতো রাজনৈতিক নিপীড়ন ও দুঃসহ পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার বক্তব্যে কিছু অম্লমধুর কথা থাকলেও জাতীয় ঐক্যের বিষয়ে তিনি যে কথা বলেছেন, তা গুরুত্বপূর্ণ। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা-সমালোচনা থাকবে। গণতান্ত্রিক সংসদে মতপার্থক্য ও বিতর্ক স্বাভাবিক বিষয়। তবে এসব আলোচনা ও বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ থাকবে এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালিত হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর তার বক্তব্যে সংসদে জাতীয় ঐক্যের আহ্বানটি তুলে ধরেন। বিরোধীদলীয় নেতাও ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যকে ভবিষ্যতের বাংলাদেশ গঠনে কাজে লাগানোর পক্ষে মত দেন। দুই নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে।

বিরোধী দলীয় নেতার বক্তব্যের পর তাকে ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দুই-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এখন আমরা এখানে তর্ক করব, বিতর্ক করব, এখানেই থাকবে। আমার কিছু বক্তব্যে হয়তো বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিতপূর্ণ ছিল, সত্য। কিন্তু তিনিও কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন। আমি এ বিতর্ক করব না। আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ না। আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। এটা আমাদের বহন করে যেতে হচ্ছে রোহিঙ্গা রিফিউজি আসার পরের থেকে। এই ক্রাইসিসটা হয়েছে এবং সেটা আমরা চেষ্টা করছি। আমাদের একজন সেনাবাহিনীর সদস্য এই অল্প কয়দিন আগেই শহীদ হয়েছেন এখানে মাদক পাচারকারীদের রুখতে যেয়ে এবং মানব পাচারকারীদের রুখতে যেয়ে। ওখান থেকে ৫৬ জন নিরীহ জনগণকে, নারী-শিশুকে, নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে জিম্মি অবস্থা থেকে। সেই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি আমরা। আমরা পদক্ষেপ নিচ্ছি, চেষ্টা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি