https://bindubanglatv.com/
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের প্রশ্নোত্তর পর্বে এক লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পনগরী ও শিল্পপার্ক প্রতিষ্ঠা করে থাকে, যেখানে বেসরকারি উদ্যোক্তারা প্লট বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তোলেন। তবে, বিসিক শিল্পনগরীর বাইরের অন্যান্য কারখানা এর আওতাভুক্ত না থাকায় ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে বিদ্যমান সব কারখানার সঠিক পরিসংখ্যান বিসিকের কাছে নেই।
মন্ত্রী আরও জানান, দেশজুড়ে বিসিকের প্রতিষ্ঠিত ৮৪টি শিল্পনগরীর ১১ হাজার ৭৪৮টি শিল্প প্লটে বেসরকারি উদ্যোক্তাদের উদ্যোগে মোট ৬ হাজার ৩৪৪টি শিল্প কারখানা স্থাপিত হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ অবস্থায় রয়েছে। তবে, বন্ধ থাকা এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া শ্যামপুর শিল্পাঞ্চলের বিষয়ে মন্ত্রী জানান, ওই এলাকায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তথা শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন দুটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং বর্তমানে প্রতিষ্ঠান দুটিই বন্ধ রয়েছে।