https://bindubanglatv.com/
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন না করলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। পাড়া-মহল্লায় মানুষ প্রতিরোধ গড়ে তুলছে। তবে অবৈধ অস্ত্রধারী ও অগ্নিসংযোগকারীদের আইনের আওতায় আনার দায়িত্ব রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনীগুলোর।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দুষ্কৃতকারীরা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। অগ্নিসন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে।
সারাদেশে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত বলে উল্লেখ করে রিজভী বলেন, শান্তিপ্রিয় মানুষ ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও তৎপর হতে হবে। এক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।
১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছে। নেতাকর্মী ও ঢাকাবাসীকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হচ্ছে। পেশাজীবী সংগঠনগুলোও এ কর্মসূচি সফল করতে কাজ করছে। আজ পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তবে বৈঠকের আগেই তারা সমাবেশ সফল করার কাজ শুরু করেছেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা হয়। সেই মুক্তিযুদ্ধের চূড়ান্ত পরিণতিতে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হয়। বিজয় দিবস সারা জাতির পাশাপাশি বিএনপির কাছেও বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে।