কুমিল্লার মেঘনা উপজেলার মুগারচর কেরামত আলী উচ্চ বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান এবং মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রমিজ উদ্দিন লন্ডনী। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।