নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধি এবং সাধারণ মানুষের অভাব-অভিযোগ সরাসরি শুনে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের সার্বিক নির্দেশনা ও অংশগ্রহণে জেলার বিভিন্ন এলাকার সেবাপ্রত্যাশী নাগরিকরা উপস্থিত হয়ে তাঁদের নানা সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
গণশুনানিতে উত্থাপিত অভিযোগ ও সমস্যাগুলো মনোযোগসহকারে শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে প্রাথমিকভাবে বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয়। একই সঙ্গে যেসব বিষয়ে দীর্ঘমেয়াদি পদক্ষেপ প্রয়োজন, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিয়মিত এ গণশুনানি অনুষ্ঠিত হবে। যে কোনো নাগরিক তাঁর সমস্যা বা অভিযোগ নিয়ে এ গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় কার্যকর ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে এ ধরনের গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।