সদরপুরের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ, উপজেলা প্রেসক্লাব সদরপুর, ফরিদপুরের সভাপতি এবং দৈনিক সমকালের সদরপুর প্রতিনিধি সাব্বির হাসানের প্রবাসযাত্রা উপলক্ষে সদরপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেল ৫টায় সদরপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত থেকে তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের নানা দিক স্মরণ করেন এবং কর্মজীবনে তাঁর অবদানের উচ্চ প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদরপুর সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বাসার মিয়া। সঞ্চালনায় ছিলেন দৈনিক আমার দেশ-এর সদরপুর প্রতিনিধি মো. শেখ সোবাহান। সংগঠনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন টিটুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সদরপুর সংবাদ-এর সম্পাদক মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
বক্তারা বলেন, সাব্বির হাসান শুধু একজন সংবাদকর্মী নন, তিনি সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীর্ঘদিন ধরে তিনি সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরেছেন। তাঁর নেতৃত্ব ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা সাংবাদিক সমাজে তাঁকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মো. মোশাররফ হোসেন, মো. সাইদুর রহমান লাবলু, মো. ইমারত হোসেন বাচ্চু, এস. এম. আলমগীর হোসেন, মো. মামুনুর রশীদ, মিজানুর রহমান, মো. ওয়াজেদ আলী, জাহিদ হোসেন সজল, সরোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, মার্জিয়া আক্তার, হাওলাদার লতিফুল হক, কবির হোসাইন, রোকনুজ্জামান, ফকির আল মামুন ও আলমগীর হোসেন প্রমুখ।
সংবর্ধনার জবাবে সাব্বির হাসান বলেন, “সদরপুরের সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষের ভালোবাসা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। কর্মসূত্রে প্রবাসে থাকলেও এই মাটি, এই মানুষ এবং সহকর্মীদের সঙ্গে আমার আত্মিক বন্ধন আজীবন অটুট থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন।”
শেষ পর্বে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন সহকর্মীরা। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ প্রবাসজীবন এবং নতুন কর্মপরিসরে সর্বাত্মক সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, প্রবাসে থেকেও তিনি দেশের সাংবাদিকতার মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সদরপুরের সুনাম বিশ্বদরবারে তুলে ধরবেন।