ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের আয়োজনে এবং বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়।
আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের সভাপতি মো. মেহেদী হাসান তুহিনের সভাপতিত্বে আয়োজিত এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম।
এ সময় বক্তব্য রাখেন বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ডা. অমি দত্ত, আমুয়া কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইউসুফ আলী খান, সহকারী অধ্যাপক লায়লা আরজু মান্দ বানু, শরীরচর্চা শিক্ষক মো. আ. জলিল খান, আমুয়া ইয়ুথ রেডকেয়ার সোশাল অর্গানাইজেশনের সদস্য মো. ইমরান মোল্লা, মো. রিফাত মীরবহর, মো. গোলাম সরোয়ার রাফিদ, মো. নাঈম হোসেন, মো. রবিউল, সুমনা আক্তার, জ্যোতি খান, রোভার স্কাউট লিডার ফেরদৌস সিকদার, মো. মেহেদী সিকদার ও তনু আক্তার প্রমুখ।
বিনামূল্যে আয়োজিত এ চোখের চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে ছয় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে ৫০ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের ৯ সদস্যবিশিষ্ট একটি চিকিৎসক দল এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।