কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তাঁরা ‘নিরাপদ সীমান্ত’ আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে টেকনাফ-উখিয়ার সীমান্ত সুরক্ষায় চলমান লড়াইয়ের সঙ্গে সংহতি জানিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, টেকনাফ-উখিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে। এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, সীমান্ত রক্ষা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা সরকারের প্রতি সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার, অপরাধ দমন এবং শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার আহ্বান জানান।
তাঁরা প্রত্যাশা করেন, টেকনাফ-উখিয়ার সীমান্ত হবে নিরাপদ, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং শিক্ষার্থীদের জন্য হবে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ।