• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষ বারহাট্টায় অভিভাবকদের না জানিয়েই স্কুল কমিটি গঠনের অভিযোগ ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা হেঁটে হেঁটে ব্যবসায়ীদের কথা শুনলেন গৃহায়ণমন্ত্রী, পরিদর্শন করলেন ভূমি অফিস উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন মেঘনায় ৫৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কারাগারে মেঘনায় নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল কিশোরের দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান গ্রামীণ সংঘর্ষে নিঃস্ব পরিবার, থমকে যায় উন্নয়নের চাকা প্রশাসককে সঙ্গে নিয়ে গভীর রাতে নিজেই গাড়ি চালিয়ে রাজধানী পরিদর্শনে প্রধানমন্ত্রী

ভাঙ্গুড়ায় অভিনব উপায়ে ভেজাল দুধ তৈরি, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মো. আরিফুল ইসলাম:

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে আটক আশরাফুল আলী। ছবিটি আদালতের রায় কার্যকরের পর পুলিশের হেফাজতে তোলা। ছবি: এনটিভি অনলাইন

সাদা দুধের আড়ালে চলছিল বিষাক্ত কেমিক্যালের কারবার। ভোজ্য তেল, কস্টিক সোডা, চিনি ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে তৈরি করা হচ্ছিল নকল দুধ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের আকস্মিক অভিযানে ফাঁস হয়ে যায় সেই চাঞ্চল্যকর কর্মকাণ্ড। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় প্রায় ২০০ লিটার ভেজাল দুধ এবং দুধ তৈরির বিপুল পরিমাণ রাসায়নিক উপকরণ। এ ঘটনায় আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের সিংগাড়ি গ্রামে উপজেলা প্রশাসন পরিচালিত বিশেষ অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী সিংগাড়ি গ্রামের মো. নুর ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আশরাফুল আলীর বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরির কাজ চলছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রশাসনের উপস্থিতি টের পাওয়ার আগেই বাড়িটি ঘিরে ফেলা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় ২০০ লিটার ভেজাল দুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে নকল দুধ তৈরিতে ব্যবহৃত নন-ডেইরি কেমিক্যাল, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডাসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।

 

অভিযানে উদ্ধার হওয়া উপকরণগুলো দেখে উপস্থিত কর্মকর্তারা ধারণা করেন, এসব রাসায়নিক মিশিয়ে সাধারণ মানুষের অজান্তেই বাজারজাতের জন্য ভেজাল দুধ প্রস্তুত করা হচ্ছিল। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আশরাফুল আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পুরো অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এ ধরনের অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। ভেজাল খাদ্য তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন