• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ

বিপ্লব সিকদার / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আজ বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র :দৈনিক আজকের পত্রিকা।

সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার, সংসদ সচিবালয়ের সচিবসহ রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেবেন। অন্যদিকে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি, সংসদকক্ষে ভোট আয়োজন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব এবং নির্বাচনী কার্যক্রমের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকলে আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচন আগের কয়েকটি নির্বাচনের তুলনায় আলাদা গুরুত্ব পাচ্ছে। এরই মধ্যে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি এখনো তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।
ফলে শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী—দুইজন প্রতিদ্বন্দ্বিতায় থাকলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হবে। এতে দীর্ঘ সময় পর সংসদে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা দিতে পারে।
১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী নিয়ে ভোট হয়েছিল একবারই। ওই নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তবে ওই নির্বাচনে জাতীয় পার্টি, জামায়াতসহ কয়েকটি দলের সংসদ সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।
এরপর অনুষ্ঠিত সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবারও একই ধরনের নির্বাচন হবে—এমন ধারণা ছিল রাজনৈতিক মহলে। কিন্তু জামায়াত নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার পর পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ হয়েছে।
জামায়াত জোটের প্রার্থী ঘোষণার পর থেকেই রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে গতকাল কমিশনের একটি অনির্ধারিত বৈঠকও অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজ সংসদ সচিবালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে ইসি।
রাষ্ট্রপতি নির্বাচন সংবিধান ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজকের বৈঠকে সেই সমন্বয়ের পাশাপাশি ভোটের দিন সংসদকক্ষে নিরাপত্তা, ভোট গ্রহণের ব্যবস্থাপনা এবং ফলাফল ঘোষণাসহ বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হতে পারে।রাজনৈতিক অঙ্গনেও এখন মূল আলোচনার বিষয়—ক্ষমতাসীন বিএনপি কাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে এবং শেষ পর্যন্ত নির্বাচনে কতজন প্রার্থী থাকেন। বিএনপির প্রার্থী ঘোষণার পরই রাষ্ট্রপতি নির্বাচনের চিত্র আরও স্পষ্ট হবে।একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট সংসদকক্ষে ভোট হবে। আর একক প্রার্থী থাকলে আইন অনুযায়ী ভোটের প্রয়োজন হবে না; বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। ফলে আগামী কয়েক দিন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন