ঢাকা   ০৯:৫৯:১০ পিএম, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 58 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশ নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিগত ১৮ বছরের জঞ্জাল, লুটপাট ও ফ্যাসিবাদী সরকারের তৈরি করা বহুমুখী সংকট মাত্র পাঁচ মাসে দূর করা সম্ভব নয়। অথচ বিরোধীদল স্বল্প সময়ের মধ্যেই সরকারকে ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে। তারা লাগামহীন বক্তব্যের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

আহমেদ আজম খান বিরোধীদলকে উসকানিমূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র থেকে সরে এসে ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, ফ্যাসিবাদী আমলে রাজনৈতিক কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের আবেদন যাচাই-বাছাই করে নতুন করে স্বীকৃতি দেওয়ার কাজ চলছে। পাশাপাশি বিগত সরকারের আমলে তাড়াহুড়ো করে বন্ধ করে দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের গেজেটভুক্তির প্রক্রিয়াও পুনরায় উন্মুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৮ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে মূল্যায়ন এবং গেজেটভুক্ত করার লক্ষ্যে খুব শিগগিরই একটি নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হবে।

এ সময় তিনি দলের নেতাকর্মীদের সব ধরনের লবিং, গ্রুপিং ও বিভাজন ভুলে দেশের স্বার্থে এবং দলের বৃহত্তর ঐক্যের পক্ষে কাজ করার আহ্বান জানান।

বেগম খালেদা জিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমতুল্লাহ, সংসদ সদস্য শিরিন আক্তারসহ অনেকে।

আলোচনা সভা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি