ঢাকা   ১১:৪৩:০৪ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

চার বছর পর পিবিআইয়ের সহায়তায় মাকে ফিরে পেলেন সন্তানেরা

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 4 Time View

জামালপুর: চার বছর আগে নিখোঁজ হয়েছিলেন নওগাঁর সাপাহারের বাক্‌প্রতিবন্ধী আছিয়া বেগম (৫০)। দীর্ঘদিন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি পরিবার। অবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় জামালপুর থেকে তাঁকে খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ চার বছর পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁর সন্তানেরা।

পরিবারের সদস্যরা জানান, প্রায় চার বছর আগে সাপাহারে নিজের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আছিয়া। তাঁর স্বামী ঢাকায় রিকশা চালাতেন। খোঁজ নিয়ে জানা যায়, তিনি স্বামীর কাছেও যাননি। পরে সাপাহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পত্রিকায় বিজ্ঞাপন ও পোস্টার ছাপিয়েও তাঁকে খোঁজার চেষ্টা করা হয়। তবে কোনো সন্ধান মেলেনি।

বাক্‌প্রতিবন্ধী হওয়ায় নিজের পরিচয় ও ঠিকানা অন্যদের বোঝাতে পারছিলেন না আছিয়া। গত ১০ অক্টোবর বিকেলে জামালপুর শহরের জেলখানার সামনে থেকে স্থানীয়দের সহায়তায় তাঁকে সদর থানায় নেওয়া হয়। আকার-ইঙ্গিতে তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
রাত নেমে আসায় আছিয়ার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে জামালপুর সদর থানা। তাৎক্ষণিক ব্যবস্থা না হওয়ায় পরে পিবিআই জামালপুরের সহায়তা নেওয়া হয়।

পিবিআই তথ্যপ্রযুক্তির সহায়তায় আছিয়ার পরিচয় ও ঠিকানা শনাক্ত করে পরিবারের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় পরদিন ১১ অক্টোবর বিকেলে তাঁর দুই ছেলে রাশেদুল ও মাশেদুল জামালপুর সদর থানায় আসেন। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ যাচাই শেষে আছিয়াকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ চার বছর পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই ছেলে। এ ঘটনায় পিবিআই ও জামালপুর সদর থানা পুলিশের সমন্বিত উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি