ঢাকা   ১১:৪০:৫১ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

টাঙ্গাইলে ৩০০ এলপিজি সিলিন্ডার জব্দ, জরিমানা ১ লাখ টাকা

Reporter Name
  • Update Time : Monday, October 12, 2026,
  • 7 Time View

টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের ডেলি করটিয়ায় আজাদ ট্রেডিং নামের একটি এলপিজি গ্যাসের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, ক্রয় চালান না থাকা এবং লাইসেন্সবিহীন গুদামে সিলিন্ডার মজুতের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলার ডেলি করটিয়া এলাকায় প্রতিষ্ঠানটির কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানকালে ক্রয় রশিদ বা চালানবিহীন ৩০০টি এলপিজি গ্যাসভর্তি সিলিন্ডার পাওয়া যায়। এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং বিস্ফোরক পরিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পাটের গুদামে সিলিন্ডার মজুতের প্রমাণ পাওয়া যায়।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। জব্দ করা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওই গুদামে গ্যাস সিলিন্ডার মজুত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে জেলা এনএসআই ও সদর থানা-পুলিশ সহযোগিতা করে। বাজারে ন্যায্যমূল্য ও পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি