ঢাকা   ০৩:৫৪:৩৬ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

আসামিকে সহায়তা করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 6 Time View

অপরাধী গ্রেপ্তারে পুলিশকে কেউ বাধা দিলে বা আসামিকে সহায়তা করলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অপরাধ দমনে গেলে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়, এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়ায় মেট্রোপলিটন পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অপরাধ দমন করতে গেলে মাঝেমধ্যে পুলিশ আক্রমণের শিকার হয়, এটা নতুন কোনো বিষয় নয়। আমরা অপরাধীদের দমন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নেব। আর পুলিশ গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা দিয়ে থাকে, সে ক্ষেত্রে আমরা যথাযথ আইনি পদক্ষেপ নেব। যদি আপনারা তথ্য দেন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অপারেশন ক্লিন হার্ট করার মতো কোনো পরিকল্পনা নেই।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামে সিআইডির সাইবার অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করা হয়েছে। এ ভবন ও ডিজিটাল ফরেনসিক ল্যাব নির্মাণে সহায়তা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রথম থেকেই পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা ভাবছিলাম। আমরা সেটা গঠন করেছি। যাত্রা শুরু হয়েছে পুলিশ সাইবার ইউনিট নামে। গত ১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে সেটা আমরা শুরু করেছি, একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে। কিন্তু আজকের এই ডিজিটাল ফরেনসিক ল্যাব, এটা সিআইডির নেতৃত্বে থাকবে।’

তিনি বলেন, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতা থাকবে। যেহেতু সব বিভাগ একই মন্ত্রণালয়ের অধীন, তাই এ ক্ষেত্রে আন্তবিভাগীয় সমন্বয় করা হবে।

দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে আটটা ডিভিশনাল হেডকোয়ার্টারে আমরা খুব দ্রুত এই ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করব, ইনশা আল্লাহ।

বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে ডিজিটাল ফরেনসিক পরীক্ষার গুরুত্ব তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারব্যবস্থায় মানুষের বিচারপ্রাপ্তি দ্রুত নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর সনদায়ন প্রয়োজন হয়।

তিনি বলেন, অপরাধের ধরন পাল্টিয়েছে, সেজন্য আমাদের প্রয়োজনও আমাদেরকে এই সমস্ত ক্ষেত্রে মেটাতে হবে। সেই প্রয়োজন আমরা মাথায় রেখেই আধুনিক ডিজিটাল জগতে সমস্ত অপরাধ, যেগুলো হচ্ছে, সেগুলো বন্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরাও সমানভাবে ওয়েল ইকুইপড হবো।

প্রযুক্তিনির্ভর অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশের তদন্ত সক্ষমতা বাড়ানো এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের আধুনিক সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি