ঢাকা   ০২:৩৩:২০ পিএম, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি

Reporter Name
  • Update Time : Wednesday, October 14, 2026,
  • 0 Time View

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।

উদ্ধার ও সহায়তা কার্যক্রমে ফায়ার সার্ভিসের সঙ্গে এবার যোগ দিয়েছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) বেলা ১টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যদের যোগ দেওয়ার বিষয়টি জানান আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী।

এদিকে, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়ে বর্তমানে মোট ২০টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, কারখানাটির ৬ তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির প্রচুর রাসায়নিক পদার্থ (কেমিক্যাল) থাকায় আগুনের তীব্রতা ও ভয়াবহতা অনেকটাই বেড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, কেমিক্যাল, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনের কারণে এসব মালামাল বড় ধরনের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ কী, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি