পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি কাজে ব্যবহৃত সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করেছে স্থানীয় সরকার বিভাগ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক পরিপত্রে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।
সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন সম্পন্ন না হওয়া এবং নতুন রেট সিডিউল প্রকাশ না করা পর্যন্ত সকল কার্য, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
পরিপত্রে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।