https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবৈধভাবে ক্ষমতায় থাকার অভিযোগ তোলার পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংসদ সদস্য পদে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৪ অক্টোবর) নাহিদ ইসলাম তারেক রহমান ও শেখ হাসিনার তুলনা করে তারেক রহমানের ক্ষমতায় থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। এর জবাবে রাশেদ খাঁন নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করেন।
রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। যে সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ—এমন দাবি করা হচ্ছে, সেই সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কীভাবে বৈধ থাকেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁনের বক্তব্য, তারেক রহমানকে অবৈধ বলার আগে নাহিদ ইসলামের উচিত ছিল জাতীয় সংসদ থেকে পদত্যাগ করা। তিনি আরও বলেন, নাহিদ ইসলাম বক্তব্য দেওয়ার পর পদত্যাগ না করলে তাঁর নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ হবে।
পোস্টে রাশেদ খাঁন আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে তাঁর নৈতিকতার প্রমাণ দেবেন।
এদিকে, নাহিদ ইসলাম শনিবার যাত্রাবাড়ীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি সরকারকে ‘গণঅভ্যুত্থান পরিপন্থী’ ও ‘অগণতান্ত্রিক’ আখ্যা দেন। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি।