https://bindubanglatv.com/
ঢাকা প্রতিনিধি:জামায়াতের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান তৈরির পথে হাঁটলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী দিনে বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান লেখেন, জামায়াতের সঙ্গে জোট করার পর থেকে এনসিপির কর্মসূচিতে লোকসমাগম তুলনামূলক কমে গিয়েছিল। তবে বৃহস্পতিবারের গণবিক্ষোভ কর্মসূচিতে কয়েক হাজার মানুষের উপস্থিতি দলটির স্বতন্ত্র রাজনীতির সম্ভাবনাকে সামনে এনেছে।
তিনি উল্লেখ করেন, এনসিপির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে তাঁর ধারণা হয়েছে, দলটি এখনই আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শিগগিরই জামায়াতের জোট থেকে বেরিয়ে আসতে পারে। বৃহস্পতিবারের গণবিক্ষোভ এবং আসিফ মাহমুদের বক্তব্যেও সেই ইঙ্গিত স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, গণবিক্ষোভ কর্মসূচিতে ৩১ অক্টোবরের লংমার্চের পক্ষে তেমন কোনো বক্তব্য তাঁর চোখে পড়েনি। তাঁর মতে, জামায়াতের সঙ্গে জোটে থেকে এনসিপির পক্ষে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া সম্ভব নয়।
তবে এনসিপির স্বতন্ত্র রাজনীতির পথে দলটির আটজন সংসদ সদস্য বড় বাধা হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আগামী নির্বাচনেও জামায়াতের ভোটের ওপর নির্ভর করে নির্বাচিত হওয়ার প্রত্যাশায় ওই সংসদ সদস্যরা জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী। অন্যদিকে, দলের অধিকাংশ নেতাকর্মী স্বতন্ত্র রাজনীতির পক্ষে বলে তিনি উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারলে আগামী দিনে দলটির রাজনৈতিক শক্তি ও সাংগঠনিক বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। তবে দলটি শেষ পর্যন্ত স্বতন্ত্র রাজনীতির পথে এগোবে, নাকি জামায়াতের জোটেই থাকবে—সেটিই এখন দেখার বিষয়।