https://bindubanglatv.com/
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটিতে জুয়া, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের স্থান না দেওয়ার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির দুই নেতা। দলীয় কমিটিতে অপরাধে জড়িতদের অন্তর্ভুক্তি ঠেকাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ অবস্থান উঠে এসেছে।
সম্প্রতি ‘অধ্যক্ষ সেলিম ভূঁইয়া সমর্থকগোষ্ঠী’ নামের একটি ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘কুমিল্লা উত্তর জেলায় কোনো জুয়াড়ি, মাদকাসক্ত ব্যক্তি বিএনপির কমিটিতে থাকবেন না। অপেক্ষায় থাকুন।’
ওই পোস্টের মন্তব্যের ঘরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন একমত পোষণ করে লেখেন, ‘আঙ্কেল, আমি আপনার সঙ্গে একমত পোষণ করছি। কোনো ধরনের জুয়াড়ি, চাঁদাবাজ ও মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে বিএনপির কমিটি বা রাজনীতিতে রাখার বিন্দুমাত্র সুযোগ নেই। আমি আছি আপনার সঙ্গে।’
দুই নেতার বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে কমিটি গঠন ও রাজনৈতিক কর্মকাণ্ডে জুয়া, মাদক এবং চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বাইরে রাখার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
তবে এ বিষয়ে জেলা বিএনপির আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে কি না, তা সংশ্লিষ্টদের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।