https://bindubanglatv.com/
নিজস্ব প্রতিবেদক:
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধ হয়ে আধিপত্যবাদী শক্তিকে পরাজিত করেছিল।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু-কিশোর মেলা আয়োজিত ৭ নভেম্বর উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, স্বাধীনতার পর সেই স্বপ্ন ভূলুণ্ঠিত হয়েছিল। ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে আবারও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার সুযোগ সৃষ্টি হয়। বাংলাদেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখনো শহীদ জিয়াউর রহমানকে ভুলে যায়নি। দেশে যখনই সংকট এসেছে, তখনই মানুষ বিএনপির পাশে দাঁড়িয়েছে। শহীদ জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন এবং স্বাধীনতাকে সুরক্ষিত করেছিলেন। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যেই তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিএনপি প্রতিষ্ঠা করেন।
বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্র সফল হয়নি উল্লেখ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানকে হত্যা কিংবা বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েও বিএনপিকে শেষ করা যায়নি। বিএনপি এখনো টিকে আছে। তারেক রহমানের নেতৃত্বে দলটি জনগণের সমর্থন পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে আবদুস সালাম বলেন, মানুষ এখন শান্তিতে ও স্বস্তিতে থাকতে চায়। তারা মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। দীর্ঘ ১৭-১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। জনগণের এ প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, অতীতে গুম, খুন ও সন্ত্রাসের ঘটনা মানুষ ভুলে যায়নি। অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ, মানুষ হত্যা কিংবা গাড়ি পোড়ানোর মাধ্যমে জনগণের মন জয় করা সম্ভব নয়। এসব পথ পরিহার করে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। জ্বালাও-পোড়াও করে বিএনপি কিংবা তারেক রহমানের অগ্রযাত্রা ঠেকানো যাবে না।
বিএনপির নেতাকর্মীদের ওপর অতীতে নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলের নেতাকর্মীদের গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে যায়নি কিংবা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়ায়নি। যারা এখন সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নিচ্ছে, তাদের এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। এতে ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের ক্ষতি হচ্ছে।
বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, নির্বাচনের মাধ্যমেই সরকার গঠিত হবে এবং নির্বাচনের মাধ্যমেই আরেকটি সরকার বিদায় নেবে। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। জামায়াতসহ বিরোধী অবস্থানে থাকা দলগুলোকে ধৈর্য ধরতে হবে এবং আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
তারেক রহমানকে কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই-এক মাস কিংবা ছয় মাসেই কোনো পরিবর্তনের চূড়ান্ত মূল্যায়ন করা ঠিক হবে না। তারেক রহমান কীভাবে দেশ পরিচালনা করেন, তা দেখার জন্য সময় দিতে হবে। দুই, তিন কিংবা চার বছর পর মানুষ আরও পরিবর্তন দেখতে পাবে। মানুষ গ্যাস ও বিদ্যুৎ পাবে, অর্থনীতিতেও পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে জিয়া শিশু-কিশোর মেলার আয়োজক ও জাসাসের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর শিকদারকে ধন্যবাদ জানিয়ে আবদুস সালাম বলেন, শিশু-কিশোরদের নিয়ে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মধ্যে জিয়াউর রহমানের রাজনীতি, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা তুলে ধরতে হবে। একই সঙ্গে ১৬ ডিসেম্বরের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কেও তাদের জানাতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক দ্বীন মো. দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির প্রান্তিকবিষয়ক সম্পাদক ও সাবেক জাসাস সভাপতি এম এ মালেক, ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু-কিশোর মেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক আশরাফুল আমীন, চঞ্চল মোরশেদ, ওবায়দুল্লাহ মাসুম, আক্তার হোসেন, আবুল বাশার বিপুল, মাসুম ফরায়েজী, মো. নূরু নবীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাহিদুল ইসলাম নাহিদ।