ঢাকা   ০৪:০৩:২০ পিএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Sunday, November 15, 2026,
  • 0 Time View
  • ১৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানিতে ২০২৬ সালের প্রথম নয় মাসে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। তবে বছরের শুরুতে আমদানিতে যে বড় ধরনের পতন ছিল, সময়ের সঙ্গে তা অনেকটাই কমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলের মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৬ শতাংশ কমে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। একই সময়ে আমদানির পরিমাণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ, যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১০ দশমিক ৯৯ মিলিয়ন কেজিতে। অন্যদিকে প্রতি কেজি পোশাকের গড় আমদানিমূল্য শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে হয়েছে ১৯ দশমিক ৫৯ ইউরো।

তবে সামগ্রিক বাজারের এই সীমিত পতনের বিপরীতে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। আলোচ্য সময়ে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি ১১ দশমিক ৯১ শতাংশ কমে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে নেমেছে। ইইউর শীর্ষ ১১ পোশাক সরবরাহকারী দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি।

ইউরোস্ট্যাটের (ইইউর ২৭ দেশের এইচএস কোড ৬১ ও ৬২-এর আওতাভুক্ত পোশাক আমদানির পরিসংখ্যান) তথ্যের আলোকে বাংলাদেশ অ্যাপারেল ভয়েস (বিএভি) সংকলিত বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।

বছরের শুরুতে বড় পতন, মাঝামাঝি সময়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

ইইউর পোশাক আমদানির মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৬ সালের শুরুতে বাজারটি বেশ চাপের মুখে ছিল। জানুয়ারি মাসে আমদানি কমেছিল ১৫ দশমিক শূন্য ৪ শতাংশ। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সম্মিলিত আমদানি কমার হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ।

তবে মে থেকে আগস্ট সময়ে বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়। এ চার মাসে ইইউর পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পায়। এতে ধারণা তৈরি হয়েছিল যে ইউরোপের পোশাক বাজার ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

কিন্তু সেপ্টেম্বর মাসে আবারও নেতিবাচক প্রবৃদ্ধি দেখা যায়। এ মাসে ইইউর পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। যদিও এ পতনের পেছনে একটি উচ্চ তুলনামূলক ভিত্তি বা হাই বেস ইফেক্ট কাজ করেছে। মূলত, ২০২৫ সালের সেপ্টেম্বর ছিল ওই বছরের মধ্যে ইইউর সবচেয়ে বেশি পোশাক আমদানির মাস। ফলে এবছরের সেপ্টেম্বরে আমদানি কমেছে।

বাংলাদেশের রপ্তানি কমেছে ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো

ইইউর বাজারে বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করলে পরিস্থিতির উদ্বেগজনক দিকটি আরও স্পষ্ট হয়। জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানির মূল্য কমেছে ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো।

উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে ইইউর পুরো পোশাক আমদানি বাজারের মোট পতনের পরিমাণ ছিল ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরো। অর্থাৎ, বাংলাদেশের একক রপ্তানি মূল্য হ্রাসের পরিমাণ পুরো ইইউ বাজারের নিট আমদানি হ্রাসের চেয়েও বেশি।

সময়ের ব্যবধান অনুযায়ী বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধিতেও বড় ওঠানামা দেখা গেছে। জানুয়ারি থেকে এপ্রিল সময়ে বাংলাদেশের রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে থেকে আগস্ট সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১. দশমিক ২৫ শতাংশ কম ছিল।

কিন্তু সেপ্টেম্বর মাসে আবারও পতনের গতি বেড়ে যায়। এ মাসে বাংলাদেশ থেকে ইইউর পোশাক আমদানি কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ, যা ইইউর সামগ্রিক বাজারের ২ দশমিক ৭২ শতাংশ পতনের তুলনায় তিন গুণেরও বেশি।

বিশ্লেষণ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ইইউর পোশাক আমদানিতে মোট যে পতন হয়েছে, তার প্রায় ৬৯ শতাংশের জন্য দায়ী ছিল বাংলাদেশ থেকে আমদানি কমে যাওয়া।

রপ্তানি কমার পাশাপাশি কমেছে পণ্যের গড় মূল্য

বাংলাদেশের রপ্তানি আয়ের পতনের পেছনে শুধু রপ্তানির পরিমাণ কমে যাওয়াই দায়ী নয়; প্রতি কেজি পোশাকের গড় মূল্য হ্রাসও বড় ভূমিকা রেখেছে।

জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৬ সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রপ্তানির পরিমাণ বা ভলিউম কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। একই সময়ে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। ফলে ইউনিট প্রাইস দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরোতে।

অন্যদিকে ইইউর সামগ্রিক পোশাক আমদানির গড় ইউনিট প্রাইস ছিল ১৯ দশমিক ৫৯ ইউরো। অর্থাৎ, বাংলাদেশের পোশাকের গড় আমদানি মূল্য ইইউর সামগ্রিক গড়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের রপ্তানি আয়ের যে পরিমাণ মূল্য কমেছে, তার সামান্য অর্ধেকেরও বেশি এসেছে ইউনিট প্রাইস হ্রাসের কারণে। বাকি অংশের সঙ্গে রপ্তানির পরিমাণ কমে যাওয়ার সম্পর্ক রয়েছে।

এর ফলে ইইউর বাজারে বাংলাদেশের পোশাকের বাজার হিস্যা বা মার্কেট শেয়ারও কমেছে। ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বর সময়ে ইইউর মোট পোশাক আমদানিতে বাংলাদেশের অংশ ছিল ২১ দশমিক ১০ শতাংশ। ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক শূন্য ৬ শতাংশে।

চীনের রপ্তানি বেড়েছে মূল্য ও পরিমাণ—দুই ক্ষেত্রেই

ইইউর শীর্ষ পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন ছিল একমাত্র বড় সরবরাহকারী, যার রপ্তানি মূল্য ও পরিমাণ—উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি হয়েছে।

আলোচ্য সময়ে চীনের পোশাক রপ্তানি ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোতে পৌঁছেছে। এর ফলে ইইউর বাজারে চীনের অংশীদারত্ব ৩২ দশমিক শূন্য ২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

সেপ্টেম্বর মাসেও চীনের রপ্তানি ২ দশমিক ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ একই মাসে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছে ২ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, বাজারের সামগ্রিক নেতিবাচক প্রবণতার মধ্যেও চীন প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে।

ভিয়েতনামের প্রবৃদ্ধিতে মূল্যবৃদ্ধির ভূমিকা

ভিয়েতনামের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। দেশটির পোশাক রপ্তানির মূল্য ৪ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেলেও রপ্তানির পরিমাণ কমেছে ৩ দশমিক ৫৫ শতাংশ।

এর প্রধান কারণ ছিল প্রতি কেজি পোশাকের গড় রপ্তানি মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বৃদ্ধি। অর্থাৎ, রপ্তানির পরিমাণ কমলেও পণ্যের ইউনিট প্রাইস বাড়ার কারণে মোট রপ্তানি আয় বৃদ্ধি পেয়েছে।

একইভাবে কম্বোডিয়াও প্রতি কেজি পোশাকের গড় মূল্য ৮ দশমিক ৪২ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। এ চিত্র থেকে বোঝা যায়, আন্তর্জাতিক পোশাক বাণিজ্যে শুধু রপ্তানির পরিমাণ নয়, পণ্যের মূল্য ও পণ্যসম্ভারের অবস্থানও মোট রপ্তানি আয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।

পাকিস্তানের রপ্তানিতে পরিমাণ বাড়লেও কমেছে আয়

পাকিস্তানের ক্ষেত্রে দেখা গেছে, রপ্তানির পরিমাণ ১ দশমিক ২২ শতাংশ বাড়লেও রপ্তানি মূল্য কমেছে। কারণ, দেশটির প্রতি কেজি পোশাকের গড় মূল্য ১১ দশমিক ৩৭ শতাংশ কমে ১০ দশমিক ৯০ ইউরোতে দাঁড়িয়েছে।

এটি ইইউর প্রধান পোশাক সরবরাহকারী দেশগুলোর মধ্যে সর্বনিম্ন ইউনিট প্রাইস। অর্থাৎ, বেশি পরিমাণে পণ্য রপ্তানি করেও কম ইউনিট মূল্যের কারণে পাকিস্তানের রপ্তানি আয়ে ইতিবাচক ফল আসেনি।

অন্যদিকে ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া—এই পাঁচটি দেশের ইইউতে পোশাক রপ্তানি মূল্য ৮ দশমিক ৮ থেকে ১০ দশমিক ৭ শতাংশের মধ্যে কমেছে।

বাংলাদেশের জন্য বাজার ও মূল্য কৌশল পুনর্মূল্যায়নের প্রয়োজন

ইইউর পোশাক আমদানির সামগ্রিক চিত্র এবং প্রধান সরবরাহকারী দেশগুলোর পারফরম্যান্স বিশ্লেষণে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে।

প্রথমত, ইউরোপীয় বাজারে সামগ্রিক আমদানি কমলেও মে–আগস্ট সময়ে ৩ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি বাজারের চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। তবে সেপ্টেম্বরের পতন দেখিয়েছে, বাজারের পুনরুদ্ধার এখনো পুরোপুরি স্থিতিশীল নয়।

দ্বিতীয়ত, বাংলাদেশের রপ্তানি পতন ইইউর সামগ্রিক বাজার সংকোচনের তুলনায় অনেক বেশি। বিশেষ করে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের ৯ দশমিক ৪৯ শতাংশ পতন এবং বাজারের ২ দশমিক ৭২ শতাংশ পতনের ব্যবধান উদ্বেগজনক।

তৃতীয়ত, বাংলাদেশের রপ্তানি আয়ের পতনে ইউনিট প্রাইস হ্রাসের বড় ভূমিকা রয়েছে। যেখানে ভিয়েতনাম ও কম্বোডিয়া তাদের পণ্যের গড় মূল্য বাড়িয়েছে, সেখানে বাংলাদেশের ইউনিট প্রাইস কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। ফলে মূল্য সংযোজন, পণ্যের বৈচিত্র্য এবং তুলনামূলক বেশি মূল্যের পোশাক উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চতুর্থত, ইইউর বাজারে বাংলাদেশের অংশীদারত্ব ২১ দশমিক ১০ শতাংশ থেকে কমে ১৯ দশমিক শূন্য ৬ শতাংশে নেমে আসা প্রতিযোগিতামূলক অবস্থানের পরিবর্তন নির্দেশ করছে। একই সময়ে চীনের বাজার হিস্যা বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশ হয়েছে।

সামগ্রিকভাবে, ইউরোপীয় ইউনিয়নের পোশাক বাজারে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেবল চাহিদা হ্রাসের ফল নয়; রপ্তানির পরিমাণ, ইউনিট প্রাইস এবং প্রতিযোগী দেশগুলোর বাজার কৌশল—সবকিছুর সম্মিলিত প্রভাব এতে প্রতিফলিত হয়েছে। বাংলাদেশের পোশাক খাতের জন্য তাই বাজার ধরে রাখার পাশাপাশি পণ্যের মূল্য সংযোজন, বৈচিত্র্য ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি