ঢাকা   ০২:৩৯:৩৬ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের মাধ্যমেই পাস, বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2026,
  • 1 Time View
  • ৮ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, বডি-অন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে লাইভ মনিটরিং ব্যবস্থা চালু রাখা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমেই পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতি অবলম্বনের সামান্যতম প্রচেষ্টা করা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা কঠোরভাবে প্রতিহত ও আটকে দেওয়া হবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের সঙ্গে এক সংলাপে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।

সংলাপে উঠে আসা বিভিন্ন মতামতের প্রশংসা করে তিনি জানান, আজকের আলোচনায় সাংবিধানিক, আইনগত, নৈতিক ও সাংস্কৃতিক বিষয়ের পাশাপাশি নির্বাচন কমিশন সম্পৃক্ত নানা দিক উঠে এসেছে। এর মধ্যে যেগুলো স্বল্পমেয়াদে বাস্তবায়নযোগ্য, সেগুলো আসন্ন নির্বাচনেই কার্যকর করা হবে এবং বাকি বিষয়গুলো দীর্ঘমেয়াদী অনুশীলনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

নির্বাচনকে একটি ‘কালেক্টিভ এক্সারসাইজ’ বা সম্মিলিত প্রচেষ্টা হিসেবে অভিহিত করে ইসি সানাউল্লাহ সুইডেনের উদাহরণ টেনে বলেন, সেখানে স্থায়ী কোনো কমিশনার নেই এবং মাত্র ৬৫ জন জনবল দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হয়, বাকি সব নির্বাহী বিভাগ সামলায়। আমাদের জাতীয় নির্বাচনে ১৭ লাখ লোকবলের প্রয়োজন হয়েছে, যা কমিশনের একার পক্ষে নিয়োগ দিয়ে পরিচালনা করা অসম্ভব। তাই মানবদেহের মতো প্রতিটি অঙ্গকে সচেতনভাবে কাজ করতে হবে।

জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ভোট সুষ্ঠু হওয়ার পেছনে নির্বাচনী এজেন্ট ও পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় নির্বাচনে প্রধান দলগুলো প্রায় শতভাগ কেন্দ্রে এজেন্ট দিয়েছিল এবং এজেন্টদের স্বাক্ষরিত শতভাগ কেন্দ্রের ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে, ফলে ফলাফল টেম্পারিংয়ের কোনো সুযোগ ছিল না। ভবিষ্যতে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার ধাপ কমিয়ে সরাসরি কেন্দ্রে ঘোষিত এবং এজেন্টদের হাতে দেওয়া ফলাফলকেই চূড়ান্ত করার বিষয়ে কমিশন চিন্তাভাবনা করছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও প্রার্থীদের সচেতনভাবে যোগ্য পোলিং এজেন্ট নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।

নির্বাচনী সহিংসতা প্রসঙ্গে পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, অতীতে জাতীয় নির্বাচনে সর্বনিম্ন ৫৬ জন নিহত হওয়ার রেকর্ড থাকলেও সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মাত্র দুটি প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ছিল তফসিল ঘোষণার পরদিন প্রার্থী হতে চাওয়া শহীদ ওসমান হাদির ওপর উদ্দেশ্যপ্রণোদিত হামলা এবং অন্যটি দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মৃত্যু। তবে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনের দিন কোথাও কোনো ঘুষি বা মারামারির ঘটনা ঘটেনি।

রাজনৈতিক নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে নেতারা যদি সহিংসতার পথ পরিহারের নির্দেশ দেন, তবে তৃণমূল পর্যায়েও তার ইতিবাচক প্রভাব পড়বে।

প্রযুক্তির ব্যবহার ও মনিটরিং প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দৈবদুর্বিপাক না ঘটলে স্থানীয় নির্বাচনের শতভাগ কেন্দ্রে সিসিটিভি, বডি-ওন ক্যামেরা ও ড্রোন থাকবে। এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে এক মিনিটের মধ্যেই যেকোনো অনিয়মের তথ্য কমিশনের কাছে পৌঁছে যায়। নির্বাচন কমিশনে একটি মনিটরিং সেল খোলা থাকবে, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে পর্যবেক্ষণ করতে পারবেন।

তবে অভিযোগ ব্যবস্থাপনা এবং নির্বাচনী ট্রাইব্যুনালের দীর্ঘসূত্রতা নিয়ে কমিশনের সীমাবদ্ধতার কথাও অকপটে স্বীকার করেন এই কমিশনার। তিনি বলেন, অনেক সময় সুনির্দিষ্ট তথ্য ও সাক্ষী ছাড়াই ঢালাওভাবে টাকা বিতরণের মতো অভিযোগ করা হয়, যা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা কঠিন। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল ও আপিলের জন্য নির্ধারিত সময়সীমা থাকলেও বাস্তবে পূর্বের কমিশনের আমলের মামলার রায় এখনো আসছে। বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে এ জট খোলার চেষ্টা চলছে বলে তিনি জানান।

ইসি সানাউল্লাহ বলেন, বর্তমান কমিশনের বড় সুবিধা হলো, আন্দোলনের মধ্য দিয়ে আসা সবাই এখন একটি ভালো নির্বাচন চান। তবে প্রান্তিক পর্যায়ের কিছু প্রার্থী ও জনগোষ্ঠীর স্মৃতিতে এখনো পুরনো খারাপ নির্বাচনের প্রবণতা রয়ে গেছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই অপসংস্কৃতি দূর করতে হবে এবং নির্বাচন কমিশন কোনো অনিয়মকেই হালকাভাবে নেবে না বা ছাড় দেবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি