ড. খন্দকার মারুফ হোসেন মেঘনা উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা এর সাথে সংশ্লিষ্ট যে-ই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তন-এ অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন-এর পক্ষে ড. মারুফ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সভার সভাপতি ও মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করেন।
ড. মারুফ হোসেন বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেন।
সভায় জানানো হয়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনবহুল স্থানে সচেতনতামূলক প্রচারাভিযান চালানো এবং সন্দেহভাজন কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মৌসুমী আক্তার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি মাদক, চাঁদাবাজি ও কিশোর অপরাধ দমনে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভা শেষে উপস্থিত সদস্যরা মাদকমুক্ত মেঘনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।