কুমিল্লার মেঘনা উপজেলার নালিতাপাড়া গ্রামের নিখোঁজ যুবক মোহাম্মদ জুয়েল রানা (২৭)-কে ঢাকা থেকে উদ্ধার করেছে মেঘনা থানা পুলিশ। পরে তাকে পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া জুয়েল রানা উপজেলার নালিতাপাড়া গ্রামের লোকমান হাকিমের ছেলে।
পুলিশ জানায়, জুয়েল রানা নিখোঁজ হওয়ার ঘটনায় মেঘনা থানায় গত ৯ জুলাই একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। যার নম্বর-৩৯৭। জিডির সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ তাঁর অবস্থান শনাক্ত করে শনিবার (১১ জুলাই) অপরাহ্নে ঢাকার একটি স্থান থেকে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জুয়েল রানাকে তাঁর পরিবারের সদস্যদের জিম্মায় হস্তান্তর করা হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের জিডি হওয়ার পরপরই পুলিশ অনুসন্ধান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তাঁর অবস্থান শনাক্ত করে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে।