কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ
নিজস্ব সংবাদ দাতা
/ ৮
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেয়ার
আলমগীর কবীর হৃদয়:
পাবনা জেলায় দায়িত্ব গ্রহণের পর মাত্র ৬৬ কর্মদিবসে ১,২৬৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পাবনার জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ। তিনি বলেন, এ সাফল্য পাবনা জেলার ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জেলার একটি চেকপোস্টে ৫৪৯ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, পাবনা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে ছদ্মবেশী অভিযান অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যাতে পাবনাকে ব্যবহার করে অন্য জেলায় মাদক পাচার করা না যায়।
তিনি আরও বলেন, “জেলার যেকোনো স্থানে অপরাধ সংঘটিত হলে অভিযোগের ভিত্তিতে দ্রুত ও যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে এবং জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম।
এদিকে, মাদক ও অস্ত্রবিরোধী অভিযানে পুলিশের ধারাবাহিক সাফল্যে স্বস্তি প্রকাশ করেছেন পাবনার সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব। তাঁদের মতে, জেলা পুলিশের কঠোর পদক্ষেপে পাবনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।