সিলেটের বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা ও পৌর এলাকার ১৫টি অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চিকিৎসা সহায়তা বিতরণ করা হয়।
সংগঠক ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল মুতাকিন, শাহ লায়েক, জামিল আহমদ, শিবলু মিয়া, দুলাল মিয়াসহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে মুঠোফোনে বক্তব্য দেন শাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আসন্ন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী শাহ আবুল কালাম। তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই শাহ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নীরবে এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
তিনি আরও বলেন, “সর্বস্তরের মানুষের সহযোগিতা পেলে আমরা আমাদের কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণ করতে পারব এবং সমাজের আরও বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হব।”