শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করা হয়। পরে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গোয়েন্দা পুলিশের অভিযানে তিনি আটক হন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হলেও কিছু দণ্ডপ্রাপ্ত আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। তাদের মধ্যে মেজর (অব.) মো. মোজাফফর হোসেন অন্যতম।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য পরে দেওয়া হতে পারে।